বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ ঋষি




ভোকাট্টা রতন
 ঋষি


তোকে মনে পড়লেই আমার আজকাল
সেই পোস্টমাস্টারের  রতনের কথা মনে পড়ে।
এলো চুলে যে মেয়েটা বসে থাকতো দরজার কাছে
অদ্ভূত দৃষ্টিতে আকাশ দেখতো জানলার বাইরে।
তার হৃদয়ের কোথাও, কোনো ভাঙ্গা ঘরে
স্বপ্ন ছিল মাটির ঘর, সাজানো সুখ
আর স্বপ্নের মানুষের।

সেই স্বপ্নের মানুষ
যে জীবনের বাইরে অতি গোপনে তোকে আদর করবে।
কাঁচের এপারে লেগে থাকা জলবিদুগুলো
সব স্ট্যাচুর  মত দাঁড়িয়ে পড়বে।
আর এ পারে গড়াবে রঙিন সুখ
নীল আকাশে ঘুড়ি উড়বে ...সেই স্বপ্নের মানুষের হাতে লাটাই
ভোকাট্টা, ভোকাট্টা রতন,  ভোকাট্টা।

তোকে মনে পড়লেই আজকাল আমার
রতনের ভিজে চোখটা মনে পড়ে নোনতা শ্রাবণ দিনে।
চারিদিকে তুমুল বৃষ্টি হৃদয়ের ভাঁজে জমা অভিমান
তুমি চলে গেলে।
পোস্টমাস্টার ফিরে তাকায় নি, শুধু যাবার আগে বলে গেছে
তোকে আমি কখনো কিছু দিতে পারি নি,
আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম।





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন